রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম। এরই মধ্যে মাছটি রাজধানী ঢাকার গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে শওকত হালদার বলেন, মঙ্গলবার ভোর রাত থেকে সঙ্গীদের নিয়ে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে একটি বড় কাতল মাছ জালে আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, সকালে আনু খাঁর আড়তে সাড়ে ২৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা কিনে নিই। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য ফেইসবুকে পোস্ট করলে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি। যে কারণে এই এলাকায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। পদ্মা নদীর বড় আকৃতির এই মাছগুলো যখন ধরা পরে তখন জেলে পরিবারে আনন্দ বিরাজ করে। মূলত নদীতে সরকারী বিধি নিষেধ সঠিকভাবে পালন হওয়ায়ই এমন বড় বড় মাছ তৈরি হয়।










