সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) সকালে তাদের মৃত্যু হয়। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো প্রায় ১০ জন।
মৃতরা হলেন— তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)।
স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি গ্রামের মহাশ্মশানে ১৫ থেকে ১৮ জন বন্ধু মদ পান করেন। এরপর একে একে তাদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। ভোরে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
আশাশুনি থানার ওসি নোমান হোসেন বলেন, বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসুন কুমার জানান, তার হাসপাতালে একজন মারা গেছেন। বাকিরা অন্য হাসপাতালে মারা গেছেন।










