খুলনা মহানগরীর বৈকালী সিএসডি গুদামের প্রাচীর টপকে ভেতর থেকে বাইরের সড়কে পড়েছে খাদ্য বিভাগের সিল মারা ২ বস্তা চাল। পড়ে চার ব্যক্তি সেই চাল ভ্যানে তুলে নিতে গিয়ে প্রশাসনের লোক দেখে পালিয়ে যান। তবে খাদ্য বিভাগ বলছে, চালের বস্তা দুটি সরকারি না। গুদামে চালের হিসাব ঠিক আছে। যদিও স্থানীয়দের অভিযোগ, এই গুদাম থেকে দেয়াল টপকে চার বাইরে আসার ঘটনা এটাই প্রথম নয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, চালের সাথে কাউকে আটক করা যায়নি। ফলে খাদ্য বিভাগের সিল মারা দুই বস্তা চাল জব্দ করার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মাদ তানভীর রহমান জানান, খাদ্য অধিদপ্তরের সিল মারা চালের বস্তা এখন যেখানে-সেখানেই পাওয়া যায়। ওই চাল আমাদের নয়।

গোডাউনের সীমানা প্রাচীরের ওপর দিয়ে চালের বস্তা বাইরে পড়েছে- এমনটা জানালে তিনি বলেন, ওই চাল আমাদের না, গুদামের চালের হিসাব ঠিক আছে।

স্থানীয়দের অভিযোগ, বৈকালী খাদ্য গুদামের সীমানা প্রাচীরের পাশে বালু ফেলে উঁচু করা হয়েছে। এখান থেকে প্রায়ই চাল প্রাচীর টপকে বাইরে পড়ে। পরে কিছু লোক এভাবেই ওই চালের বস্তা নিয়ে চলে যায়।


গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকেও বৈকালী সিএসডি গোডাউনের সীমানা প্রাচীর টপকে দুই বস্তা চাল সড়কে পড়ে। সেখান থেকে ওই চালের বস্তা নিয়ে চারজন রিকশায় তোলেন। ঘটনার সময় কাকতালীয়ভাবে যাচ্ছিলেন একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তাকে দেখে ওই ব্যক্তিরা চাল ফেলে পালিয়ে যান। তখন গোয়েন্দা কর্মকর্তা খালিশপুর থানা পুলিশকে ফোন করলে পুলিশ এসে চাল জব্দ করে থানায় নিয়ে যায়।