গোপালগঞ্জের
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে
আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার
(১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন খুলনার
সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান (৩৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী
গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত আরেকজনের
পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি বলেন,
খুলনা থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতের
সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।










