কুড়িগ্রামে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানের (৪৪) মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও তার সহযোগীদের বিরুদ্ধে শরিফুল ইসলাম সোহানের ওপর এ হামলা চালানোর অভিযোগ উঠেছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে আক্রান্ত হন সোহান। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে একটি প্রাইভেট জিপ গাড়ি দাঁড়িয়েছিল। এ সময় সদর উপজেলা ছাত্রলীগের দুই নেতা সিয়াম ও রিয়াদের দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিপের পাশে পড়ে যায় এবং দুজন আহত হয়। পরে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানসহ অন্য দুজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ খবর পেয়ে রেজভী কবির বিন্দু ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে ছাত্রলীগ নেতারা তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম সোহানকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।










