ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী তার এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ করেছিলেন আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে। মির্জা আব্বাস সে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগে বলেছেন, ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এর ধারাবাহিকতায় শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ‘ভয় পেয়ে খেলার মাঠ না ছাড়তে’ প্রতিপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের ওপরে। আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যে, কেউ যদি হামলা করতে আসে আপনারা প্রশাসনকে জানাবেন। আপনারা হামলা করতে যাবেন না, কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখব। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে।
এনসিপির এই নেতা আরো বলেন, গতকাল সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে আমাদের ১৩ জনকে তারা আহত করেছে। আমরা পেছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয় আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। আমরা প্রচুর মার খেয়েছি। আমরাও পাল্টা আঘাত করব।
আরো পড়ুন: শাপলা কলির এজেন্টকে দেরি করে ঢুকতে দেয়া হয়েছে, নাসীরউদ্দীন পাটোয়ারীর অভিযোগ
তিনি আরো বলেন, শাপলা কলিতে অনেক ভোট পড়ায় অনেকে ভয় পাচ্ছে। এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলব, খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না। ৯০ মিনিট খেলায় থাকুন এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন। খেলা থেকে উঠবেন না। ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না। খেলায় যেহেতু নামছেন খেলে তারপরে উঠবেন। এই খেলায় শাপলা কলির জয় হবে।
আরো পড়ুন: ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেয়া হবে না: মির্জা আব্বাস














