টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছির হোসেন কানন (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের ওপরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বন্ধু শহীদুল ইসলাম।


নিহত ইয়াছির হোসেন টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র। সে সদরের বাওয়ার কুমারজানী গ্রামের আমির হোসেন এবং আহত শহীদুল একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কানন ও শহীদুল সকাল সাড়ে নয়টার দিকে একই মোটরসাইকেল নিয়ে বাসা থেকে মাত্র দেড়শ গজ দূরে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইয়াছির হোসেন কানন মারা যান। এ ঘটনায় শহীদুল গুরুতর আহত হয়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মৃদদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।