ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর মৌজায় বন বিভাগের জমি থেকে শতাধিক গজারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর মৌজায় ১৭ নং দাগে মৌলবী ভিটায় বন বিভাগের জমি থেকে শতাধিক বড় বড় আকারের গজারি গাছ ৯ অক্টোবর রাতে কেটে নেয় প্রভাবশালীরা। ওইদিন রাতে ৮/১০ শ্রমিক দা, কুড়াল ও করাত নিয়ে এসব গাছ কাটেন। পরে কাটা গাছ পাশের তৌফিক আহাম্মেদ সোহাগের করাতকলে নিয়ে চেরাই করা হয়।
স্থানীয়রা জানায়, বন বিভাগের ১০ কিলোমিটারের মাঝে করাতকল থাকার নিয়ম না থাকলেও বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে চালানো হচ্ছে লাইসেন্সবিহীন করাতকলটি। সোহাগের এ করাতকলে গজারিসহ বিভিন্ন প্রজাতির বনের গাছ অবাধে চেরাই করা হচ্ছে। এছাড়া বন বিভাগের জমি দখল করে হবিরবাড়ী মৌজার বিভিন্ন স্থানে একাধিক প্রভাবশালী বহুতল ভবন ও মনোহরপুর মৌজায় মানিক মিয়াসহ একাধিক ব্যক্তি একের পর এক বহুতল ভবনসহ বসতবাড়ি ও মার্কেট নির্মাণ করছেন।
অভিযুক্ত তৌফিক আহাম্মেদ সোহাগ দম্ভোক্তি প্রকাশ করে বলেন, আমার মিলে আসার সাহস কারো নেই। আমি বনের কাঠ কাটি না।
হবিরবাড়ী বিটের বিট কর্মকর্তা আবুল হাসেম জানান, আমরা জবরদখলকারীদের নামে মামলা দিয়েছি।
হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন জানান, গাছ কাটার খবর পেয়ে ১০ অক্টোবর দুপুরে লোক পাঠিয়ে কিছু গাছ উদ্ধার করি। কিন্তু ঘটনাস্থলে চোর চক্রের কাউকে পাওয়া যায়নি। আমরা চোর চক্রের নাম সংগ্রহের চেষ্টা করছি।










