বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রীকে। আজ সোমবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত একটি বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান। তিনি জানান, এর আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিতে ওই ৫ ছাত্রীকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় তা অনুমোদিত হয়েছে।

শারীরিক ও ডিজিটাল উপস্থিতির মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্য বিষয়টিতে হাইকোর্টের নির্দেশনা যেভাবে এসেছে সেভাবেই প্রতিপালন করার বিষয়ে মত দেন।

গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে শিক্ষার্থী ফুলপরী খাতুনকে রাতভর নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ উঠে ওই ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান।

তাদের মধ্যে সানজিদা চৌধুরী ওরফে অন্তরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও অন্যরা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। ঘটনার পর গত ১ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সংগঠন থেকে তাদের সাময়িক বহিষ্কার করে।

এদিকে, স্থায়ী বহিষ্কারে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঘটনার শিকার ফুলপরী খাতুন। সিন্ডিকেটে যখন এ সিদ্ধান্ত নেয়া হয় তিনি তখন ক্যাম্পাসে ছিলেন। ফুলপরী বলেন, উচ্চ আদালতের নির্দেশের পর সর্বশেষ যে সিদ্ধান্ত এসেছে তাতে আমি খুশি। তিনি জানান, তিনি ও তার পরিবার এরকম একটি সিদ্ধান্তের অপেক্ষায়ই ছিলেন।