ঢাকার সাভার ও
ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত দুজন। আহতদের
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭
ডিসেম্বর) সকাল ৯টা থেকো সাড়ে ৯টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা
স্ট্যান্ড ও সাভার হাইওয়ে থানার সামনে এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়
ধামরাইয়ে ২ জন ও সাভার হাইওয়ে থানার সামনে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত
মো. রোবেল পারভেজ, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মো.
আব্দুল মান্নান ও জন ব্রাহ্মণবাড়িয়া
জেলার মো. ইসমাইল হোসেন (১৭)।
ফায়ার সার্ভিস
ও হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা
মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিন জন। এ সময় সেলফি পরিবহনের দুটি বাস ওভারটেকিং করতে
গিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এ সময়
ঘটনাস্থলেই একজন মারা যান।
ধামরাই উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, ‘আমাদের হাসপাতালে দুজনকে আনা হয়েছিল। একজনের বয়স ৪০ আরেকজনের ৪২। এদের
মধ্যে একজন মারা গেছেন। অপরজনকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করা হয়েছে।
অপর দিকে
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল নিয়ে ইউটার্ন নিচ্ছিলেন
পিতা আব্দুল মালেক ও ছেলে ইসমাইল। এ সময় আরিচাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা
দিলে ঘটনাস্থলেই মারা যান ছেলে ইসমাইল। আব্দুল মালেক গুরুতর আহত
হলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সাভারের এনাম
মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, সকাল সাড়ে ৯ টার
দিকে আব্দুল মালেক নামের একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার
চিকিৎসা চলমান রয়েছে।
সাভার হাইওয়ে
থানার পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতদের মরদেহ
উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের একটি বাস রেখে পালিয়ে গেছে এর চালক ও সহযোগী।
বাসটি জব্দ করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










