পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার আশপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে ও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রূপপুর মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে মুদি দোকান, হোটেল, চায়ের দোকান, সেলুন, কাঁচাবাজারসহ অবৈধভাবে শতাধিক দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। রূপপুর প্রকল্পের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের একটি মেগা প্রকল্প। এ প্রকল্পের নিরাপত্তায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। দীর্ঘদিন ধরে রূপপুর প্রকল্পের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন স্থানীয় কয়েকজন। সড়ক ও জনপথ বিভাগ একাধিকবার নোটিস দিলেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেননি। এ কারণে উচ্ছেদ পরিচালনা করা হয়েছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কের রূপপুর প্রকল্প এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাটের কারণে যানজট সৃষ্টি হয়। এতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। দুদিন আগ থেকে দোকানপাট উচ্ছেদে দোকানিদের সতর্ক করা হয়েছে। গতকাল ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’










