আপনারা নির্ভয়ে রাষ্ট্রের পবিত্র দায়িত্ব পালন করুন। রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিশেষ আনুকূল্য পাওয়ার কোনো সুযোগ নেই।’

গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ, সমবায়সহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ সমাধান চায়। সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধান নিয়ে চিন্তা করুন। জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করুন। ভুক্তভোগীরা জানেন কোথায় তাদের দুর্ভোগ হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা অনেকেই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে যশোরে এসেছেন। আপনারা অনির্বাচিত সরকার দেখেছেন, আবার অন্তর্বর্তী সরকার দেখেছেন। আপনাদের মনে রাখতে হবে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সরকারের পবিত্র দায়িত্ব পালনকালে আপনাদের সেই জবাবদিহির আওতায় থাকতে হবে।’

রমজানের প্রথম দিনে যশোর শহরে ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘কিছু বিষয়ে মানবিক হতে হবে। অতি উৎসাহ নিয়ে কিছু করা যাবে না। অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন। কিন্তু রমজানের শুরুতে মানুষের পেটে লাথি মারা কেন? তাদের জন্য বিকল্প পথ আমাদের ভাবতে হবে।’