খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের
দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত দেখতে গিয়ে জনতার তোপের
মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। মঙ্গলবার বেলা সাড়ে
১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়রা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কিছু উচ্ছৃঙ্খল মানুষ একটু সমস্যা করছিল। পরে এমপি সাহেব বক্তৃতা করলে
তারা আবার শান্ত হয়ে যায়। তেমন কোনো বড় ঘটনা না।
মহারাজপুর ইউনিয়নের ৮ নম্বর দেয়াড়া
ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের পর বাঁধ ভেঙে মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত
১৫টি গ্রাম প্লাবিত হয়। স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামত করছিলেন এলাকার কয়েকশ মানুষ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি
ট্রলার নিয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। এ সময় বাঁধ
নির্মাণ করা জনতা সংসদ সদস্যকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। কাঁদা ছুড়ে মারতে থাকেন
ট্রলারের দিকে। বাধ্য হয়ে সেখান থেকে ট্রলার নিয়ে চলে যান সাংসদ। পরে অবশ্য ফিরে
আসেন তিনি।
জানতে চাইলে কাঁদা ছোড়ার ঘটনা অস্বীকার
করে আক্তারুজ্জামান বাবু বলেন, স্থানীয় মানুষ চান টেকসই বেড়িবাঁধ। প্রতিবছর ভাঙনে তারা ব্যাপক
ক্ষতিগ্রস্ত হন। ভাঙন এলাকায় কাজ করছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে গেলে তাকে দেখে
মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেন।
তিনি বলেন, তাদের ওই দাবি যৌক্তিক। বারবার বাঁধ ভাঙে আর বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এ কারণে এলাকার এমপির ওপর তাদের ক্ষোভও বেশি।










