বিএনপি সাহসিকতার সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে
মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের দমন,
নিপীড়ন উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে দুঃশাসনের
বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব
সব মামলায় জামিনে মুক্ত হওয়ার পর তাকে পুনরায় একটি নতুন মামলায় গ্রেফতার করে কারান্তরীণের
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, সাইফুল আলম নীরব সব মামলায় জামিনে মুক্তি লাভের পর আবারো
তার বিরুদ্ধে নতুনভাবে সাজানো মামলায় গ্রেফতার ও কারান্তরীণের ঘটনায় প্রমাণিত হয়,
আওয়ামী সরকার দেশ থেকে বিরোধী দল ও মত ধ্বংস করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে
মরিয়া। প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই আদালত থেকে সব মামলায় জামিন পাওয়া
সত্ত্বেও সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুনরায় নিত্য নতুন
মামলায় গ্রেফতার করে কারান্তরীণ অব্যাহত রেখেছে। বিরোধী দলের আন্দোলন নস্যাৎ এবং বিরোধী
নেতা-কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতেই সরকার এ নির্যাতন করছে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক
সভাপতি সাইফুল আলম নীরবের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত
মুক্তির আহ্বান জানান।










