টাঙ্গাইলে ৪৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের র‍্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

আটককৃতরা হলেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার তেতুলিয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪) ও একই উপজেলার ডোহারপুর গ্রামের আয়ুব আলী মন্ডলের ছেলে শাহীন মন্ডল (১৯)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ৭ হাজার টাকা ও ৫টি মোবাইল এবং ৯টি সিম কার্ডসহ দুজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকে বলে জানায় র‍্যাব।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করা হয়েছে।