সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের বিরুদ্ধে বগুড়ায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। শহরের নিশিন্দারা উত্তরপাড়ার নয়ন মিয়া গত মঙ্গলবার রাতে সদর থানায় এ মামলা করেন। মামলার এজাহারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। গতকাল বিকালে সদর থানার ওসি হাসান বাশির এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ও এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হোসাইন শরিফ সঞ্চয়, তার শ্যালক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আসামিরা অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেন। ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাশির জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলাটি করেছেন। আসামিদের গ্রেফতারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে।