এ আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের পাওনা ও ভাতার টাকা পাননি।’
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে গতকাল আয়োজিত ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যয় করেছে। তারা বিভিন্ন সেক্টর থেকে টাকা আত্মসাৎ করেছে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজন দিন-রাত কাজ করছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব সেক্টরের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।’ মন্ত্রী দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘শুধু সমালোচনা না করে আসুন সবাই একসঙ্গে কাজ করি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দিন-রাত কাজ করছি।’
টেকসই উন্নয়ন করতে হবে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনাগুলো বাস্তবায়নে প্রয়োজন মানবসম্পদ উন্নয়ন। আর মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।’
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি ছিলেন। তিনি বলেন, ‘জনগণের কল্যাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সেখানে উন্নয়নের জন্য কাজ করতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানুষের সমস্যা সমাধানে সরকার কাজ করছে।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কার্যকর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এসডিজি-সংক্রান্ত মন্ত্রণালয়ের বিস্তারিত বিষয় উপস্থাপন করেন।










