আওয়ামী
লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার শ্রমবান্ধব
সরকার। এই সরকার যখনই ক্ষমতায় আসে শ্রমিকদের কল্যাণে কাজ করে। পুঁজিবাদের সৃষ্টি না
হলে, কল-কারখানার সৃষ্টি না হলে, শ্রমিক শ্রেণির সৃষ্টি হয় না। আর শ্রমিক শ্রেণির সৃষ্টি
না হলে, শ্রম বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম হয় না।
আজ
সোমবার (১ মে) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমু
বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমজীবী মানুষের নেতা। শ্রমিক
শ্রেণির প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভালবাসা ছিল। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর
সরকারি ভাবে মে দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন জাতির পিতা। আজ তাই সরকারি ভাবে সারাদেশে
মে দিবস পালন হচ্ছে।
ঝালকাঠির
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ
পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম।
এ
সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক
সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।










