বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও গণ-অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ফোকলোর বিভাগের নাম পরিবর্তন বা সংস্কার, যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়; পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা; পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা।
শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, ‘ফোকলোর একটা মাল্টি-ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট। ফোকলোর নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে, যার ফলে আমরা চাকরির বাজারে পিছিয়ে যাচ্ছি। ফোকলোর বিভাগের নাম পরিবর্তন করতে হবে। আমরা অনেক দিন থেকেই এ দাবি জানিয়ে আসছি।’
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বণিক বার্তাকে বলেন, ‘সভাপতি হিসেবে আমি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে। শিক্ষার্থীরা বিভাগের নাম সংস্কার বা পরিবর্তন দাবিতে আন্দোলন করছে, যেটি ২০ মে একাডেমিক মিটিংয়ে আমরা তিন সদস্যের একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি সুপারিশ করে একটি লিখিত সিদ্ধান্ত দেবে।’










