বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর শহরে রসিক চন্দ্র (আরসি) কলেজে ঢুকে অফিস সহকারী-কাম হিসাব সহকারী বিকাশ দেবনাথকে মারধর করেছে একদল যুবক। গতকাল দুপুর ১২টার দিকে মারধরের পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হানা দেয় হামলাকারীরা। বিকাশ দেবনাথ স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের নিকটাত্মীয়। হামলাকারীরা পঙ্কজবিরোধী হিসেবে পরিচিত।
বিকাশ দেবনাথ জানান, তিনি কলেজের অফিস কক্ষে বসা ছিলেন। দুপুর ১২টার দিকে জিন্নাহ খানের নেতৃত্বে ১০-১২ জন যুবক এসে প্রথমে তাকে গালাগাল ও একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে পেটাতে শুরু করেন। কলেজের শিক্ষকরা এসে তাকে উদ্ধার করেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হানা দেয় হামলাকারীরা। পরে নিরাপত্তার জন্য বাড়িতে চলে আসেন। বিকাশ দাবি করেন, হামলাকারীরা তার টেবিলের ড্রয়ার থেকে ৫৫ হাজার টাকা নিয়ে গেছে।
অভিযুক্ত হামলাকারী জিন্নাহ খান নিজেকে মেহেন্দীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী দাবি করে বলেন, ‘কলেজ গেটে একদল যুবকের সঙ্গে বিকাশ দেবাথের কথাকাটাকাটি ও তার কলার ধরেছিল যুবকরা। তিনি ঘটনাস্থলে গিয়ে তা জেনেছেন মাত্র।’
মেহেন্দীগঞ্জের ইউএনও কাজী আনিসুল ইসলাম জানান, অফিস সহকারীকে মারধরের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন।










