গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেছেন, তথ্য অধিদপ্তর থেকে প্রতিটি জেলায় মূলধারার সাংবাদিকদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারের অনুমতি ছাড়া কেউ আইপি টিভি, নিউজ পোর্টাল তৈরি করতে পারবে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ সরকারবিরোধী প্রচার-প্রচারণা চালাচ্ছেন, ভুল তথ্য ও ভুল সংবাদ প্রচার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল বেলা ১১টায় নোয়াখালী জেলা সিনিয়র তথ্য অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান।
মো. জসীম উদ্দিন আরো বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে অপসাংবাদিকতা বেড়ে গেছে, তাদের বিষয়েও তথ্য নেয়া হচ্ছে। ডিজিটাল নিউ মিডিয়া-সংক্রান্ত আইন প্রক্রিয়াধীন, দ্রুত সময়ের মধ্যে আমরা তা পেয়ে যাব।
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় উপস্থিত সাংবাদিক বখতিয়ার শিকদার, আমিরুল ইসলাম হারুন, সামছুল হাসান মিরণ, তাজুল ইসলাম মানিক, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, মিজানুর রহমান রিয়াদ, মাহবুবুর রহমান।










