টানা বৃষ্টির কারণে খাগড়াছড়িতে সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে বন্ধ হয়ে পড়ে মহালছড়ি-জ্বালিয়াপাড়া ও গুইমারা উপজেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল। গতকাল মহালছড়ি-গুইমারা সড়কের পঙ্খীমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ৯ ঘণ্টা পর বিকাল ৪টার দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার দীপক কুমার দাশ জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ যৌথভাবে কাজ করেন তারা।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বৃষ্টি হওয়ায় পাহাড়ধসের আশঙ্ক বেড়ে গেছে। সড়ক যোগাযোগে বিঘ্নতা এড়াতে চারটি ট্রাকসহ ভ্রাম্যমাণ টিম প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে তারা বাঘাইছড়ি-মারিশ্যাসহ কয়েকটি স্থানে কাজ করছেন। মহালছড়ি-গুইমারা সড়কটি সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে। তার পরও দুর্ভোগ লাঘবে কোনো ধরনের সহায়তার দরকার হলে সড়ক বিভাগ পাশে থাকবে। এছাড়া বৃষ্টিতে পাহাড়ি সড়কে দুর্ঘটনা রোধে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা ও সাবধানে যাতায়াতের পরামর্শ দিয়েছেন মাকসুদুর রহমান।

এদিকে দুদিন ধরে খাগড়াছড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর আগে টানা কয়েকদিনের বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। হতাহত না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ির। বন্ধ হয়ে পড়ে দীঘিনালা-বাঘাইছড়ি ও সাজেক রুটের যান চলাচল। প্লাবিত হয়েছে জেলা ও উপজেলার কয়েকটি গ্রাম। পানিবন্দি ছিল কয়েক হাজার পরিবার।