বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের (বিএলআরআই) সাবেক মহাপরিচালক আব্দুল জলিলের পিএইচডি থিসিসে ‘হুবহু কপি করার প্রমাণ না পাওয়ায়’ তার ডিগ্রি বহাল রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৬ নভেম্বর উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়।
রিপোর্ট পর্যালোচনা করে সিন্ডিকেট আব্দুল জলিলের পিএইচডি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৃষিবিদ ইন্সটিটিউশনের সদস্য ড. আহসান হাবীব কর্তৃক ড. আব্দুল জলিলের পিএইচডি বাতিলের আবেদনের প্রেক্ষিত সিন্ডিকেট কর্তৃক প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সিন্ডিকেট বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে ও কমিটির সুপারিশের প্রেক্ষিতে ড. আব্দুল জলিলের পিএইচডি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
ড. আব্দুল জলিল জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধীনে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে পিএইচডিতে ভর্তি হন এবং ২০১৫ সালে ডিগ্রি লাভ করেন।










