মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ সব ধরনের নদ-নদীতে সব রকম মাছ আহরণ বন্ধ হচ্ছে। আগামী ৩ অক্টোবর মধ্য রাত অর্থাৎ ৪ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা চলবে। এ সময়ে ইলিশ আহরণ, বিপণন, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

মৎস্য বিভাগ জানিয়েছে, আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনসহ মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পাবে। অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের সঙ্গে নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম তৈরি করা হয়েছে। জেলেদের সচেতন করতে প্রচারণা চালানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও বাজারে ব্যানার টাঙানো হয়েছে। একইসঙ্গে নদীতে ড্রেজিং পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। জলসীমার বাইরে থেকে ট্রলার প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ও প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস ১৯৮৫ অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে। জেলা মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, জেলার চার উপজেলার প্রায় ৪৩ হাজার জেলে পরিবার ইলিশ আহরণের ওপর নির্ভরশীল। তাদের জন্য এবারো ২৫ কেজি করে চাল সহায়তা দেয়া হবে।

আজ বৃহস্পতিবার সদর উপজেলার মেঘনাপারের জেলেপল্লীগুলোতে সরেজমিনে দেখা গেছে, জেলেরা নৌকা ও জাল তীরে তুলে মেরামত করছেন। অনেকে মাছ ধরা বন্ধ রাখার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ইলিশ দেশের অমূল্য সম্পদ। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।

জেলা প্রশাসক মো. মোহসিন উদ্দিন জানান, ইলিশ রক্ষায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। প্রয়োজনে সেনাবাহিনীও কাজে লাগানো হবে। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় যার কাছে ইলিশ পাওয়া যাবে, তাকে জেলে পাঠানো হবে। এ সম্পদ সবার, তাই রক্ষার দায়িত্বও সবার।

1000035561

চাঁদপুর জেলা প্রশাসক মোহসিন উদ্দিন পথসভায় অংশ নিয়ে জেলেদের মাঝে লিফলেট বিতরণ করেন

এদিকে, নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে চাঁদপুর ইলিশ ঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ইলিশের চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন। এ সময় জেলা প্রশাসক মোহসিন উদ্দিন প্রচারপত্র বিতরণ ও পথসভায় অংশ নিয়ে জেলেদের সহযোগিতা কামনা করেন।