চাঁদপুর জেলার মতলব উত্তরে আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মোবারক হোসেন
বাবু (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ ঘটনায়
অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলার
মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে
বাহাদুরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা রাজ্জাক প্রধানের সঙ্গে
আলমগীর মেম্বারের কলহ চলে আসছে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে
কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাবু গুরুতর আহত হলে
তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া
হয়। সেখানে মারা যান তিনি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বাড়িতে লুটপাটের খবর পাওয়া যায়। পরে পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন
বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে
পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।










