টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রহিম নামে এক কৃষক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। দণ্ডিতরা হলেন ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামের সেজনু মিয়া ও মিজানুর রহমান, একই গ্রামের মুনসুর আলী ও গঙ্গাবর গ্রামের জামাল ফকির। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পিপি জানান, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ধনবাড়ী উপজেলার রামজীবনপুর গ্রামে আসামিরা পার্শ্ববর্তী একটি জমি জোরপূর্বক দখল নিয়ে চাষাবাদ করতে যান। এ সময় জমির মালিক আব্দুর রহিম তাদের বাধা দিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আহতাবস্থায় আব্দুর রহিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩১ ডিসেম্বর আব্দুর রহিম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. সুলতান মিয়া ২০০৫ সালের ৩ জানুয়ারি ধনবাড়ী থানায় ১৬ জনকে আসামি করে একটি মামলা করেন।
তিনি আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম ২০০৫ সালের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের ১৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।










