চাঁপাইনবাবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপর রাজারামপুর কুমারপাড়ার মজিবুর রহমান ওরফে খুদির ছেলে হুমায়ন কবির ও মাহবুব আলম এবং বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. রুবেল। রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে আদালতে অনুপস্থিত ছিলেন মাহবুব আলম। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩০ আগস্ট রাতে উপর রাজারামপুর কুমারপাড়া এলাকার প্রবাসী নাসির উদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও তার মেয়ে নীলা খাতুনকে আসামিরা হত্যা করে পালিয়ে যান। নাসিমা বেগমকে হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেন আসামিরা। মেয়ে নীলা খাতুন জেগে উঠলে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।