ভোট গ্রহণ শেষ হওয়ার পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) আবুল হাসনাত আব্দুল্লাহ।
ফেসবুক লাইভে মো. আ. জসিম উদ্দিন ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ টাকা বিতরণ, প্রশাসনের পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ তুলেন। এক পর্যায়ে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
জসিমউদ্দীন অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে এবং জালভোট দেয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন তিনি।
আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ঋণখেলাপির কারণে আদালতে তার প্রার্থিতা বাতিল হয়ে গেলে এ আসনে মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। শেষ পর্যন্ত ভোটগ্রহণ শেষে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।














