কেউ চান পরিচ্ছন্ন নগরায়ণের পাশাপাশি যানজটমুক্ত শহর। কেউ চান দলীয় প্রভাবমুক্ত চাকরির ক্ষেত্র কিংবা চাকরির সুন্দর পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে নতুন নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি। কেউ চান কিশোর গ্যাংমুক্ত কিংবা সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত শহর। স্মার্ট যশোর গড়তে তরুণ ভোটারদের এমন নানা প্রত্যাশা, মতামত ও চিন্তাভাবনার কথা শুনেছেন যশোর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

গতকাল শহরের পৌর পার্কে তরুণ ভোটারদের নিয়ে উন্মুক্ত আড্ডা আয়োজন করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন, যারা প্রথমবারের মতো ভোট দেবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে। বেলা ১১টায় শুরু হওয়া আড্ডা চলে বেলা ১টা পর্যন্ত। আড্ডায় শিক্ষার্থীদের প্রত্যাশা ও আইডিয়া নেয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির এ প্রার্থী। একই সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হলে যশোরে কী কী করতে চান, সে বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।

বেকার সমস্যা সমাধান ও শিল্পনগরী গঠনে কী ভূমিকা রাখবেন— এমন প্রশ্নের জবাবে অমিত বলেন, ‘শহরে উন্নয়নের ভিত্তি গড়ে উঠেছিল আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের হাত ধরে। এরপর দীর্ঘ সময় উন্নয়নবঞ্চিত হয়েছে। জেলাটি কৃষিনির্ভর। তাই কৃষিকে বেশি প্রধান্য দিতে হবে। পাশপাশি জেলায় একটি শিল্পনগরী গড়ে তোলা হবে। সেখানে কর্মসংস্থান সৃষ্টি হলে বেকার সমস্যার সমাধান হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যশোরকে কিশোর অপরাধী মুক্ত করতে চাই। উন্নয়নবঞ্চিত যশোরে অগ্রাধিকার ভিত্তিতে নগরায়ণ করতে চাই। যানজট সমস্যা দূর করতে চাই, যা এখন অসহনীয় অবস্থা যশোরবাসীর কাছে। ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল করতে চাই, করোনারি কেয়ার পূর্ণাঙ্গ করতে চাই। যশোরে কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে, সেই দাবি পূরণে উদ্যোগ নিতে চাই। যশোরে ফুলের চাষ হয়, সেটা প্রসেসিং করে রফতানির উদ্যোগ নিতে চাই। ভবদহ সমস্যা স্থায়ী সমাধান করতে চাই।’