মাগুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। গতকাল মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। নিহতের নাম মাফুজার মোল্যা (৩৫)। তিনি ওই গ্রামের আফসার মোল্যার ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্তের নাম কদম মোল্যা। তিনি আফসার ম্যোলার ভাই ও নিহতের চাচা। 

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, জমি নিয়ে বানিয়াবহু গ্রামের বাসিন্দা আফসার মোল্যার সঙ্গে তার ভাই কদম আলী মোল্যার বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকাল ৯টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কদম মোল্যা ও তার সমর্থকদের লাঠির আঘাত ও দায়ের কোপে মাফুজার মোল্যা (৩৫) নিহত হন। সংঘর্ষে কমপক্ষে পাঁচ ব্যক্তি আহত হন। গুরুতর আহত খলিলুর রহমান (৬০) ও মুন্নাফ মোল্যাকে (৫৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হোসেন আলী, রাজু মোল্যা, বাচ্চু ম্যোল্যা ও কোবাদ মিয়াকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে সবুজ মোল্যা নামে এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।