ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার পর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৭ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বাসযোগে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে যাচ্ছেন তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল। সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট যান তারেক রহমান। এবার যাচ্ছেন দলের চেয়ারম্যান হিসেবে। আর চেয়ারম্যান হিসেবে এটাই তার প্রথম জনসভা।

আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। প্রথম দিনেই ছয়টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

এদিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন।

দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকালে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন সমাবেশে অংশ নেবেন।

ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেবেন তিনি। জেলাগুলোয় নির্বাচনী প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপি চেয়ারম্যান ঢাকায় ফিরবেন।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে প্রচারণা শুরু করছেন।