মুন্সীগঞ্জের লৌহজংয়ে বালুবহনকারী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  ৫ জন নিখোঁজ রয়েছে।

এ দিকে ডুবে যাওয়া প্রায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রাম সংলগ্ন ডহরী খালে এ ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।

তিনি জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক লোক ট্রলার দিয়ে পদ্মা নদীতে ঘুরতে যায়।  ঘুরাঘুরি শেষ করে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ৮ জনের মরদেহ উদ্ধার করি। এদের মধ্যে ১ জন নারী, ৪ শিশু ও ৩ জন যুবক। তবে এখনও আরো ৫ জন নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছি। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

এ দিকে শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ জানান, ট্রলারটি এখনও উদ্ধার হয়নি। পানির নিচে ডুবে আছে। ধারণা করা হচ্ছে ট্রলারের ভিতরে নিখোঁজ কাউকে পাওয়া যাবে। তিনি আরো জানান, খালটিতে স্রোতের তীব্রতা ও অন্ধকার থাকায় ডুবুরিদের উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। তবে আশা করছি নিখোঁজ সকলকে উদ্ধার করতে সক্ষম হবো।