বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। একইসঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন।

ডা. দীন মো. নূরুল হক বলেন, রোগীসহ দেশের মানুষের প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করব। বিশ্বমানের ক্যাজুয়ালিটি ইমার্জেন্সি বিভাগ গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে সেরা ইনস্টিটিউট করার লক্ষ্যে সব রকমের চেষ্টা করব।

চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণা তিনটি বিষয়কেই প্রাধান্য দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসার সুযোগ। তার সঙ্গে যুক্ত হয়েছে সুপার স্পেশালিটি। এখানে সব ধরনের চিকিৎসার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল চিকিৎসক বাহিনীকে কাজে লাগিয়ে সব ধরনের চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে। কোনো রোগী যেনো প্রতারিত এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

এর আগে গত ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিযুক্ত করা হয়। বিশিষ্ট এই চক্ষু বিশেষজ্ঞের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী মধ্যপাড়া ও মিরাপাড়া গ্রামে। তিনি ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

তিনি শিক্ষা জীবনে এমবিবিএস, এফসিপিএস (চক্ষু), রয়েল আলেকজান্দ্রা হাসপাতাল, পেইজলি, ইউকে থেকে চক্ষু বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ইত্যাদি দেশে আন্তর্জাতিক সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।