লালমনিরহাটে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের ১০ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন লালমনিরহাট বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মিজানুর রহমান। আসামিদের উপস্থিতিতে তিনি এই রায় পড়ে শোনান।

এছাড়া অপর একটি অস্ত্র আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত। যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী লাল্টু ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আসমত আলী।

আজ মঙ্গলবার বিকালে লালমনিরহাট বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ সালের ৪(বি) ও তদসহ ৬ ধারা মোতাবেক গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য হলেন- কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মুশরত মদাতী এলাকার হাসান আলী লাল্টু, একই এলাকার আসমত আলী, আবু নাঈম, আলী হোসেন এবং শাফিউল ইসলাম সাদ্দাম।

লালমনিরহাট আদালত ও কালীগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি বাড়িতে নাশকতা পরিকলল্পনার গোপন বৈঠক করছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের একদল সদস্য। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, এক হাজার ৪৩০টি লিফলেটসহ আনসারুল্লাহ বাংলাটিমের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করে রংপুর র্যা ব-১৩। তবে দলের ১০-১২ সদস্য জন পালিয়ে যায়। এ ঘটনায় র্যা ব বাদি হয়ে মামলা করে। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আসামিদের প্রত্যেককে ১০ বছর করে জেল ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করে রায় ঘোষণা করেন।

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সাজার ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা, রুমাইনুল ইসলাম রিপন ও শামসুল আলম মিলন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন বলেন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ সালের ৪(বি) ও তদসহ ৬ ধারা মোতাবেক গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে আমরা প্রমাণে সমর্থ হওয়ায় বিজ্ঞ আদালত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের করে কারাদণ্ড প্রদান করেছেন। এছাড়া অপর একটি অস্ত্র আইন মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে আদালতের বিজ্ঞ বিচারক এই রায় পড়ে শোনান।