নোয়াখালীতে পিকআপচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ভোলায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নোয়াখালী: বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন অভি দেবনাথ (২৩) ও হৃদয় চন্দ্র শীল (২২)। রাত সোয়া ১টার দিকে নোয়াখালীর শহরের মাইজদী বাজার ভূমি অফিসের সামনে মুরগিবাহী একটি পিকআপ ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ও পিকআপচালক গুরুতর আহত হন। আহতদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক অভি দেবনাথকে মৃত ঘোষণা করেন। পরে হৃদয় চন্দ্র শীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গতকাল সকালে তার মৃত্যু হয়।

নিহত অভি দেবনাথ সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উমেশ কুমার ভৌমিকের ছেলে ও হৃদয় চন্দ্র শীল একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে।

সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

রাঙ্গামাটি: জেলার আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত বিনয় চাকমা (৩৫) একই এলাকার বাসিন্দা।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। নিহতদের স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

খাগড়াছড়ি: মানিকছড়িতে জিপ উল্টে মো. হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার বাটনাতলী ইউনিয়নের বাঞ্ছারামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন বাঞ্ছারামপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং ওই গাড়ির চালক।

ভোলা: জেলার তজুমদ্দিনে ব্যাটারিচালিত অটো‌রিকশার চাপায় মো. বাবুল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চাঁদপুরের আড়া‌লিয়া এলাকার তজুমদ্দিন-কুঞ্জেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির বাসিন্দা। তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।