বিএনপির আন্দোলন ও সমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তা অবরোধ ও ভাংচুর করলে মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ছাড় দেবে না।

গতকাল বিকালে ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করেছে। সে সময় শহীদ স্বজনদের লাশ নিজ এলাকায় দাফনের সাহস পেত না স্থানীয়রা। বর্ডার নিকটস্থ এলাকার মানুষ ভারত সীমান্তে অনেক শহীদ স্বজনদের মরদেহ দাফন করেছেন। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়ে এ দেশের অনেক শহীদের কবর রয়েছে। সে সময় ভারতীয়রা আমাদের অনেক সহায়তা করেছে। এ কবরগুলো চিহ্নিত করে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে।

সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। সে সমঝোতা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিৎ সেনের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা ক’দিন লুক্কায়িত ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি, তার কাছ থেকে আমরা আরো তথ্য পাব।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রংপুর রেঞ্জের ডিইজি আব্দুল আলিম মাহমুদ, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আ.লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।