সর্বজনীন পেনশনে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মীরা এ স্কিম গ্রহণ করতে পারবেন। এতে তাদের বিদ্যমান পেনশন কিংবা আনুতোষিক সুবিধা ক্ষুণ্ন হবে না। গতকাল অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১৩ মার্চ ‘প্রত্যয় স্কিম’ যুক্ত করে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩-এর প্রয়োজনীয় সংশোধনী এসআরও আকারে প্রকাশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোয় যারা ১ জুলাই বা তার পরবর্তী সময়ে যোগদান করবেন, তারা সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় খুব কমসংখ্যক স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোয় পেনশন স্কিম চালু রয়েছে। এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা আনুতোষিক স্কিমের আওতাভুক্ত এবং তাদের জন্য সিপিএফ ব্যবস্থা প্রযোজ্য। ওই ব্যবস্থায় কর্মচারীরা চাকরি শেষে অবসর সুবিধা হিসেবে এককালীন আনুতোষিক প্রাপ্য হন, কিন্তু মাসিক কোনো পেনশন প্রাপ্য হন না। ফলে অবসরোত্তর জীবনে প্রায় ক্ষেত্রেই তারা আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হন।