আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় ঝরে পড়া শিশুদের স্কুলমুখীকরণে চাঁপাইনবাবগঞ্জে চারটি উপজেলায় একযোগে ৩০২টি শিখন কেন্দ্র শুরুর অংশ হিসেবে সদর উপজেলার স্বরূপনগর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় চালু করা হয়েছে। গতকাল সকালে এ বিদ্যালয় উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান।

চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাফরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা নাজনিন জিনিয়া, আরএসডিএফের নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে একযোগে ৬৪টি জেলার ৩৪৫টি উপজেলা এবং ১৫টি সিটি করপোরেশন এলাকায় গত ১৫ ডিসেম্বর থেকে ৯ লাখ শিশুকে শিক্ষা প্রদানের জন্য শিখন কেন্দ্র শুরু করেছে।