ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নতুন সরকার গতকাল দায়িত্ব গ্রহণ করেছে। দলটির চেয়ারম্যান ও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এবারের নির্বাচনে তিনি চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একই আসনে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০১-০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জন্ম ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি, চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী গ্রামে। বাবা মাহমুদুন্নবী চৌধুরী ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে চট্টগ্রামের ডবলমুরিং-সীতাকুণ্ড আসন থেকে সদস্য নির্বাচিত হন এবং তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। আমীর খসরুর মায়ের নাম মেহেরুন্নেসা চৌধুরী।
বাণিজ্যে স্নাতক আমীর খসরু মাহমুদ চৌধুরী শিক্ষাজীবন শেষে তার পিতার ব্যবসায় যোগ দেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। বন্দরনগরী চট্টগ্রামের পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এক্সচেঞ্জটির প্রথম সভাপতিও ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিকুল আলম পেয়েছেন ৭৬ হাজার ৬৮১ ভোট।










