বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই চলমান রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। গত কয়েকদিনে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজও দাঁড়ালেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে।

শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রং ছাড়াও একটি ছবিতে চোখ বাঁধা লাল রঙের কাপড় দিয়ে।  শনিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ছবি প্রকাশ করেন ফার্নান্দেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ ফুটবলার ক্যাপশনে ইংরেজিতে লেখেন, আমার বাংলাদেশী ভক্তরা, আমি তোমাদের শুনতে পারছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি। দুই ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ১ লাখ ৬৬ হাজার মানুষ রিঅ্যাক্ট দেন।

বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সমর্থন দেয়ায় কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশীরা।

এর আগে গত ১৯ জুলাই আরো একটি পোস্ট করেন এনজো। আন্দোলনে তখন সংঘর্ষ শুরু হয়েছে। ওই মুহূর্তে গত বিশ্বকাপজয়ী এ তরুণ খেলোয়াড় ফেসবুকে  লেখেন, বাংলাদেশে যেসব মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি। এই পোস্টেও প্রায় দুই লাখ মানুষ রিঅ্যাক্ট দেন।

গত বিশ্বকাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশীদের আবেগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেছিলেন, জানিয়েছিলেন কৃতজ্ঞতাও। আর্জেন্টাইনরা এরপর থেকে বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখান।