নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে চারটি প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

এরপর বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকার ফাইভ স্টার কোল্ড স্টোরেজ মনিটরিং করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার পাইকারি বাজারে আলু ২৬-২৭ প্রতি কেজি এবং দেশী পেঁয়াজ প্রতি কেজি ৫৩-৫৪ টাকা ও ডিম প্রতি পিস ১০ টাকা ৫০ পয়সা দর নির্ধারণ করে দিয়েছে। সেই দামে রসিদের মাধ্যমে হিমাগার থেকে আলু বিক্রি করতে হবে এবং খুচরা বাজারে ৩৫-৩৬ টাকায় বিক্রি করতে হবে। এছাড়া দেশী পেঁয়াজ আড়ত থেকে রসিদের মাধ্যমে কিনে এনে খুচরা বাজারে প্রতি কেজি ৬৪-৬৫ টাকা এবং প্রতি পিস ডিম ১২ টাকা দামে বিক্রি করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলার ইছাপুরা বাজারে অভিযান চালানো হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় রুবেল স্টোরে ৫ হাজার, আল্লাহ ভরসা স্টোরে ২ হাজার, নজরুল স্টোরে ৩ হাজার ও লিটন স্টোরে ২ হাজার টাকা জরিমানা করা হয়।’