পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর ও ইন্দুরকানী)
আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,
‘আমি আপনাদের ভোটের অমর্যাদা করিনি, তাই আবার আপনাদের ভোট প্রার্থনা করছি। আমি অতি
সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। সাধারণভাবেই থাকতে চাই। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে
আজীবন চলতে চাই।’
আজ বুধবার (২৭ ডিসেম্বর) পিরোজপুর শহরের
বাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, ‘এমপি বা মন্ত্রী
ভোগ বিলাসের জন্য নয়। এই জায়গা মানুষের সেবা করার জন্য। অনেকে এটাকে আয়ের পথ হিসেবে
বেছে নেয়, যা অনৈতিক। জনগণের সঙ্গে ক্ষমতার দম্ভ দেখালে জনগণই মুখ ফিরিয়ে নেয়, এরকম
অনেক নজির আছে।’
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমি সব
সময় নৌকার সঙ্গে ছিলাম, এখন নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করছি। যদি কোনোদিন নৌকা নাও
পাই তারপরও নৌকা ছেড়ে যাব না।’
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা
বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন খান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
আক্তারুজ্জমান ফুলু, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, জেলা
মৎস্যজীবী লীগের সভাপতি শিকদার চান, যুবলীগ কেন্দ্রীয় নেতা কামরুজ্জমান খান শামীমসহ
অনেকে।










