রাজশাহী নগরীর কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সেখান থেকে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত দেড়টা থেকে গতকাল বেলা ২টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল মেকানাইজড টিম।
আটক মোন্তাসেবুল আলম অনিন্দ্য একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের ওই কোচিং সেন্টারের মালিক। মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে অনিন্দ্য। তিনি সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। এছাড়া রবিন ও ফয়সাল নামে আরো দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। অনিন্দ্য কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলা ও ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার আসামিও ছিলেন। সেই মামলায় খালাস পেয়েছেন তিনি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমি কোনো তথ্য জানি না। তবে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।’










