পাবনার ঈশ্বরদীর রেলওয়ে গেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে রেলগেট থেকে দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের ইঞ্জিন ও বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১১টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী হতে খুলনাগামী তেলের খালি ওয়াগন নিয়ে একটি ট্রেন রওনা করলে তা ঈশ্বরদী লেভেল ক্রসিং গেইট অতিক্রম করে বিপরীত দিক থেকে পুশিং এ আসা মালবাহী শানটিং ওয়াগনে আঘাত করে। এতে মালবাহী ২টি ওয়াগনের ৮ চাকা এবং লোকোমোটিভের সবগুলো চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর সকালে দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রথমে মালবাহী ট্রেনকে উদ্ধার করে। এর প্রায় এক ঘণ্টা পর তেলবাহী ট্রেনকে উদ্ধার করা হয়। এখন সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দিলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইঞ্জিন ও দুটি বগির ৮ চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।










