গতকাল চাঁদপুর সদরের মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিন উর রশিদ বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেয়া সম্ভব নয়। এ সরকার ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাটকা সংরক্ষণ সপ্তাহ ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর-নদী’। প্রতিপাদ্যের আলোকে নদীভিত্তিক এ অঞ্চলে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ করতে এ সংক্রান্ত বিদ্যমান আইন কঠোরভাবে মেনে চলতে হবে।’ এ সময় তিনি জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মৎস্যজীবী থেকে ভোক্তা সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘১৯৭৮-৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইলিশকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করেন। পরবর্তী সময়ে ২০০৩-০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইলিশ উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।’
মন্ত্রী জানান, একসময় দেশে প্রায় ২০ লাখ টন ইলিশ উৎপাদন হলেও পরে তা কমে প্রায় দুই লাখ টনে নেমে আসে। বর্তমানে জাটকা সংরক্ষণ কার্যক্রমের ফলে উৎপাদন পুনরায় বাড়ছে। জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ করা গেলে দেশে ইলিশের উৎপাদন আবারো ২০ লাখ টনে উন্নীত করা সম্ভব।










