চলতি মৌসুমে মাদারীপুরে ১৬ হাজার ৯৮২ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা থেকে ২২ হাজার ৭৬ টন সরিষা উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। স্থানীয় বাজারগুলোয় সিন্ডিকেট গড়ে ওঠায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষক। এক মণ সরিষা উৎপাদনে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা খরচ হয়, কিন্তু বাজারে বিক্রি হয় ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে অন্যান্য খরচ যোগ করলে তেমন একটা লাভ থাকে না। সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করলে আগামীতে উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন চাষীরা।

সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বাসিন্দা রুবেল হোসেন বলেন, ‘তিন বিঘা জমিতে স্থানীয় ও উন্নত জাতের সরিষার আবাদ করেছি। ফলন যাই হোক না কেন বাজারে তো ভালো দাম পাই না। বাজারে সিন্ডিকেট রয়েছে। তারাই বাজারে দাম নিয়ন্ত্রণ করে।’

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, ‘চলতি মৌসুমে শীত বেশি ছিল। এতে কিছু কিছু চাষী ফলন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও তেমন একটা ক্ষতি হবে না বলেই মনে করছি। দেশী তেলের ব্যবহার বাড়ায় সরিষার দামও আগের চেয়ে ভালো পাচ্ছেন কৃষক। বাজারে সিন্ডিকেটের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। বাজারমূল্যের বিষয়টি কৃষি বিপণন কর্মকর্তারা দেখেন। তারাই ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন বণিক বার্তাকে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে এরই মধ্যে মাদারীপুর মিল মালিকদের নিয়ে মতবিনিময় সভা করেছি। কৃষককে ন্যায্যদাম দিয়ে সরিষা ক্রয় না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।’