গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপু চন্দ মহন্ত (১৩) নামে একজন ও একই উপজেলায় গলায় ফাঁস দিয়ে সান মিয়া (২২) নামের আরেকজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) উপজেলার ফরিদপুর ও জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
দীপু চন্দ্র মহন্ত ফরিদপুর ইউনিয়নের মীরপুর (যুগীপাড়া) গ্রামের পন্ডিত চন্দ্র মহন্তের ছেলে ও সান মিয়া জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলাবন্দর) গ্রামের ছামছুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে দীপু চন্দ্র নিজ বাড়ির ঘরে বিদ্যুতের লাইন ঠিক করছিল। এরই মধ্যে বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে দীপু চন্দ্রের মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন ফরিদপুর ইউপি সদস্য শফিকুল ইসলাম (লাল চান)।
এদিকে, জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুন্নবী আকন্দ স্বজনদের বরাত দিয়ে বলেন, সান মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে ঢাকায় থাকা বাবা-মায়ের কাছ থেকে বুধবার সকালে বাড়িতে ফেরেন তিনি। এর কিছুক্ষণ পর ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সান মিয়ার ঝুলন্ত মরদেহ দেখা যায়।










