নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ইটবাহী ট্রাকচাপায় সাবরিনা আক্তার মিতু (২২) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার রামপুর মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। কিন্তু ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে আল বারাকা বাস কাউন্টার থেকে একটি টিকিট কাটেন মিতু। দুপুর সাড়ে ১২টার দিকে নানার বাড়ি রামপুর থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন মিতু। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে যায় চালক।
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত সাবরিনা আক্তার মিতুর মামা আবিদুর রহমান জানান, মিতু পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। চার-পাঁচদিন আগে তার বাবা-মায়ের সঙ্গে বেড়াতে নানার বাড়িতে আসেন। তার বাবা মর্তুজা ভূঁইয়া শুক্রবার স্ত্রী-সন্তানদের সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকার শ্বশুরবাড়িতে রেখে কর্মস্থলে ফিরে যান। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিতু তার তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।










