বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ। এ ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এ ষড়যন্ত্র আগামী নির্বাচনের বিরুদ্ধে। যারা নুরকে রক্তাক্ত করেছে তাদের খুঁজে বের করতে হবে।’

গতকাল দুপুরে লক্ষ্মীপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎এ্যানি বলেন, ‘ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয়, তাহলে সুযোগটা ফ্যাসিস্ট নেবে। সুযোগটা ষড়যন্ত্রকারীরা নেবে। যারা দেশের শত্রু, জনগণের শত্রু। জুলাই আন্দোলনে সবাই মিলে যে ঐক্যের জায়গায় ছিলাম, তা আরো সুদৃঢ় করে বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

‎বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ বসে নেই, পার্শ্ববর্তী দেশ বসে নেই। ‎পাচার করা হাজার হাজার কোটি টাকা দিয়ে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ বপন করে নির্বাচনকে বানচাল করতে চাইছে। বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে। জুলাই আন্দোলনে আমরা সবাই একসঙ্গে ছিলাম, সবাই মিলে দেশটাকে গড়ব, জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নির্যাতন চালিয়েছে, সে অধ্যায় সবাই ভুলে যাওয়ার কথা নয়। শেখ হাসিনার অত্যাচার নির্যাতন দেশের স্বাভাবিক রাজনীতি ধ্বংস করে দিয়েছে। সব রাজনৈতিক দলের নেতাদের মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে। গুম করেছে, খুন করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তা আমরা ভুলে যাইনি।’

‎সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজউল্যা প্রমুখ।