বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিকালে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। গুলশানের একটি বাসায় গতকাল জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ তথ্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার সংসদে গণভোটের বিষয়টি সমাধান না করলে ১১ দলের উদ্যোগে আগামীকাল নির্ধারিত কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে জনমত গঠনের চেষ্টা চালানো হবে। এর পরও সরকার জনমত উপেক্ষা করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সরকারি দল গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপটে দেয়া প্রতিশ্রুতি অস্বীকার করেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের পথ উন্মুক্ত করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও এগোচ্ছে।
সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের ওপর জোর দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, প্রকৃত সংস্কার করতে হলে গণভোটের রায় মানতে হবে এবং সেজন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা প্রয়োজন। সংসদ বা সরকার এক্ষেত্রে ব্যর্থ হলে রাজপথের আন্দোলনই বিরোধী দলের একমাত্র পথ।
এছাড়া তিনি দেশের জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন। তার দাবি, সরকার সংকট না থাকার কথা বললেও বাস্তবে পেট্রল পাম্পে জ্বালানি পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে পরিবহন ব্যয় কমানোর অজুহাতে সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাস চালুর উদ্যোগকে তিনি শিক্ষার্থীদের ক্ষতির কারণ হিসেবে আখ্যা দেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে গত বুধবার আনা মুলতবি প্রস্তাবে ‘প্রতিকার’ না পাওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
এর আগে অনুষ্ঠিত ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব নেয়ামূল বশির, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।










